রবিবার (২৫ অক্টোবর) সকালে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ওনড়াইল জেলা প্রতিনিধি মোঃ শাহীদুল ইসলাম শাহী’র বিরূদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র আয়োজনে আদালত সড়কে মানববন্ধন করেছে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এতে অংশ নেন।
নড়াইল সদর উপজেলার বামনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর ‘নড়াইলে চাঁদা না দেয়ায় শিক্ষক বরখাস্ত’ শিরোনামে যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়।
এ সংবাদে ক্ষুব্ধ হয়ে বামনহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুশান্ত বিশ্বাস বাদী হয়ে ১৪ অক্টোবর নড়াইল বিজ্ঞ আমলী আদালতে মানহানি মামলা দায়ের করেছেন। মামলায় যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, নড়াইল জেলা প্রতিনিধি মোঃ শাহীদুল ইসলাম শাহী ও বামনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার সাহাকে আসামী করা হয়েছে।
এদিকে বামনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার সাহা জানান, বামনহাট উচ্চবিদ্যালয়ের সভাপতি সুশান্ত বিশ্বাস সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন সময় তার নিকট চাঁদা দাবি করে আসছেন। এ ঘটনায় তিনি সভাপতি ও তার সাথে সংশ্লিষ্ট দু’জনের নামে আদালতে চাঁদাবাজি মামলা দায়ের সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু’র সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক মাসুমার রহমান, সাংবাদিক শাহীদুল ইসলাম শাহী, সাপ্তাহিক বিডি খবর’র সম্পাদক লিটন দত্ত, প্রগতি ভাবনা’র সম্পাদক এম মুরাদ হোসেন, নড়াইল প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ আলী বারু, কালিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক শরীফ নাসির মাহমুদ, প্রভাষক শ্যামল ঘোষ প্রমুখ।
এমএ





