জেলার ভাঙ্গা উপজেলার কৈডুবিতে সড়ক দুর্ঘটনা মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। দোষী চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রশীদ জানান, এরই মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত যাত্রীদের সঙ্গে কথা বলে দুর্ঘটনা সম্পর্কে বর্ণনা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে ব্যপক তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করা হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) শামসুল হক পিপিএম, বিআরটিএর সহকারী পরিচালক মো. নুরজ্জামান এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শামসুজ্জোহা। এই কমিটিকে আগামী ৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

অপরদিকে, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সাজিদ হোসেনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিও ঘটনা তদন্তে কাজ শুরু করেছে।

এছাড়া, ফরিদপুরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এজেডএম মোস্তাফিজুর রহমানকে প্রধান করে সাত সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওই কমিটির অন্যরা হলেন-ভাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শামসুল হক, বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুরজ্জামান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শামসুজ্জোহা, হাইওয়ের ভাঙ্গা থানার ওসি মো. হোসেন সরকার এবং ট্রাফিক ইন্সপেক্টর ভাঙ্গা জোন মো. মহিবুর রহমান।

এদিকে এ দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এএসআই মোমিনুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় বাসের চালককে (অজ্ঞাতনামা) আসামি করা হয়েছে।

হাইওয়ের ফরিদপুর ভাঙ্গা জোনের ওসি মো. হোসেন সরকার জানিয়েছেন, বরিশালে চিকিৎসাধীন ব্যক্তি ওই বাসের চালক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিশ্চিত হওয়ার পর পুলিশ হেফাজতে নেয়ার জন্যে আদালতে প্রার্থনা করা হবে।

জেআই