নারায়ণগঞ্জ শহরের দুই নং রেল গেট সংলগ্ন দেওভোগ কাপড়ের মার্কেটে বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত দোকান ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৫জন।
ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২নং রেল গেট সংলগ্ন দেওভোগ কাপড়ের মার্কেট কাটা কাপড়ের মার্কেট হিসেবেই পরিচিত। টিনসেট তৈরি এ মার্কেটে প্রায় শতাধিক দোকান ঘর রয়েছে। এসব ঘরে মূলত পাইকারিভাবে তৈরি পোশাক বিশেষ করে হোসিয়ারী পণ্য(বাচ্চাদের কাপড়, বড়দের গেঞ্জি) বিক্রি করা হতো। এছাড়া অনেক ঘর ছিল পোশাক তৈরির কারখানা। আসছে রোজা ও ঈদ উপলক্ষে বেশিরভাগ দোকান ঘর ও গুডাউন ছিল তৈরি পোশাকে ঠাসা। অনেক দোকানে পোশাক তৈরির জন্য প্রচুর কাপড়ও মজুদ ছিল।
বুধবার ভোর ৪টার দিকে একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানগুলোতে কাপড় থাকায় মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে পুড়তে থাকে একেকটি দোকান ঘর। আগুনের লেলিহান শিখা ৩০ থেকে ৪০ ফুট ওপরে উঠে যায়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে টিনসেট ঘর ও কাপড়ের কারণে দমকল বাহিনীকেও আগুন নিভাতে বেশ বেগ পেতে হয়। এর মধ্যে প্রচন্ড ধোঁয়ার কারণে মার্কেটের ভেতরে তারা প্রথমাবস্থায় প্রবেশ করতে পারেনি।
সকাল পৌনে ৬টায় এ রিপোর্ট লেখা সময়ে অন্তত অর্ধশত দোকান ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া আরো কিছু দোকানে চাপা আগুন জলছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মমতাজ হোসেন জানান, কতগুলো দোকান ঘর পুড়েছে ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাকে নির্ণয় করা যায়নি।
ঢাকা, ১৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





