আবারো উৎপাদন বন্ধ হয়ে গেছে আশুগঞ্জ সার কারখানায়। এতে প্রতিদিন উৎপাদন ব্যাহত হচ্ছে এক হাজার চারশ’ মেট্রিক টন ইউরিয়া সার।
মঙ্গলবার দুপুর অ্যামোনিয়া প্লান্টের কম্প্রেসারে ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়।
এর আগে তিনদিন বন্ধ থাকার পরে সোমবার উৎপাদন শুরু হয়েছিল। একদিনের ব্যবধানে আবারো ত্রুটি দেখা দেয়।
সূত্রমতে, চলতি অর্থ বছরে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এ কারখানার ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে ক্রটির কারণে বিভিন্ন সময়ে কারখানা বন্ধ থাকায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোস্তাফিজুর রহমান জানান, কারখানার অ্যামোনিয়া প্লানেটর সিংগ্যাস কম্প্রেসারে ক্রটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। ক্রটি মেরামতে ইতোমধ্যে নিজস্ব প্রকৌশলীরা কাজ শুরু করে করেছেন। তবে উৎপাদন শুরু হতে আগামী পাঁচদিনের মতো সময় লাগতে পারে।
মোস্তাফিজুর রহমান আশা প্রকাশ করে বলেন, পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় সঙ্কটের কোনো আশঙ্কা নেই।
জেআই





