নারী শিশুসহ আটক ১১ বাংলাদেশি নাগরিককে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিএসএফ।
মঙ্গলবার রাত ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখায় দু-বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে এক বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির নিকট হস্তান্তর করে।
বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর উমেদ শিং এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ।
বৈঠক শেষে আটককৃত বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করেন বিএসএফ সদস্যরা। এসময় সেখানে দুদেশের সৈনিকদ্বয় উপস্থিত ছিলেন।
ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ধামইর গ্রামের প্রিয়নাথ চন্দ্রের ছেলে নিরমল চন্দ্র (৩০), তার স্ত্রী মৌসুমি চন্দ্র (২০), তার মেয়ে নন্দিনী চন্দ্র (১০মাস), গাইবান্ধা জেলা সদরের নাকাইহাট গ্রামের মোহনের স্ত্রী ও তার শ্বাশুরি সুচিত্রা (৪০), ঢাকা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আলিমুদ্দিনের ছেলে ছাব্বির (৪০), তার দুই ছেলে হীরা (১৫), দুলারা (১২), রাজশাহী জেলার পবা গ্রামের বেলালের ছেলে জমশেদ (৩৮), সুনামগঞ্জজেলা সদরের রংপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহআলম (৩৮), নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের গিরিশের ছেলে ভবেশ (৩০) এবং রাজশাহী জেলাসদরের চারমাথা গ্রামের আজিজুলের ছেলে রমজান (২২)।
এসময় তাদের কাছে থাকা ২৭ হাজার ৫শত ভারতীয় ও বাংলাদেশি টাকা এবং ৬টি মোবাইল ফোন বিজিবির নিকট হস্তান্তর করা হয়।
জেআই





