রাজধানীর ডেমরায় বামৈল পূর্বপাড়া এলাকার ৪৭ নং হাজী ভিলার নীচ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে মদ তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি ও ২৭ বোতল বিদেশী মদসহ একটি কারখানা জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিভাগীয় পরিদর্শক মো: ওবায়দুল কবিরের নেতৃত্বে একটি বিশেষ টিম এ কারখানা জব্দ করে।
ঘটনাস্থল থেকে মো: এনামূল ভূইয়া (২৫) ও মো: শরিফুল ইসলাম (২২) নামে দুই মদ ব্যবসায়ীকে আটক করে ডেমরা থানায় সোপর্দ করা হয়। আটককৃত এনামূল নড়াইলের লোহগড়া থানার দালাইর গ্রামের মো: আমির হোসেন ভূইয়ার ছেলে ও শরিফুল ইসলাম বরিশালের কোতয়ালী থানার হিজলতলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
তাদের বিরুদ্ধে ডেমরা থানায় রাত সাড়ে ১১ টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, বামৈল পূর্বপাড়ায় উক্ত ফ্ল্যাটে বেশ কিছুদিন যাবত এই চক্রটি মদ তৈরী এবং চোরাই পথে বিদেশী মদ আমদানি করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উক্ত টিম বৃহস্পতিবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে কারখানা জব্দ করেন। এসময় তারা ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে থানায় সোপর্দ করেন।
কেএইচ





