বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবলীগের পাঁচ কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর মেহেরপুরের মুজিবনগরে পিকনিক বাস-নসিমন সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন পিকনিকের বাসটি পুড়িয়ে দেয়।

নিহতরা হলেন বাগোয়ান গ্রামের কটাশেখের ছেলে টুকু, মিলু খার ছেলে তুফান খাঁ, ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম, হাবেল উদ্দীনের ছেলে আনিস হোসেন এবং একই গ্রামের হাসিবুল ইসলাম।

আহতদের উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস উপলক্ষে মেহেরপুর জেলা শহরে আনন্দ মিছিল শেষে নসিমনযোগে বাড়ি ফিরছিলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে আসা কর্মীরা।

মুজিবনগর সড়কে চকশ্যামনগর ঈদগাহ মাঠের কাছে পাবনার একটি পিকনিক বাসের (কৌশিক পরিবহন) সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে একজন, মেহেরপুর হাসপাতালে নেয়ার পথে তিনজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়।

এদিকে ঘটনার পরপরই বিক্ষুব্ধ লোকজন বাসটি পুড়িয়ে দেয়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া পিকনিক বাসের যাত্রীরা ঘটনার পরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনার আশংকায় পালিয়ে যায়।

ওএফ