স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন অফিসে এসে পুলিশ প্রশাসনের ‘সব ধরনের দুর্নীতি’ দূর করার প্রত্যয় জানালেন আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার সচিবালয়ে নিজের দপ্তরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাংবাদিকদের মন্ত্রী বলেন, “আমি বলব না কোনো দুর্নীতি নেই। ছোট-খাটো যেসব দুর্নীতি রয়েছে পুলিশের মধ্যে, তা দূর করা হবে।”
বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে দ্বিতীয় তলায় নিজের পুরনো অফিসে যান কামাল। সেখানে কয়েক মিনিট কাটানোর পর চতুর্থ তলায় যান মন্ত্রীর দপ্তরে।
পরে সেখানে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় করেন।
এবার মানুষ ‘শান্তিপূর্ণভাবে’ ঈদ উদযাপন করেছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সিরাজগঞ্জের দুর্ঘটনা ছাড়া বাকি সবকিছু শন্তিপূর্ণ হয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিলেটে শিশু সামিউল আলম রাজনের হত্যাকারী কামরুল ইসলামকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
গত ৮ জুলাই রাজনকে পিটিয়ে হত্যার পরদিন সৌদি আরবে পালিয়ে যান এ হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম। পরে সেখানে তিনি ধরা পড়েন।
কামাল বলেন, “বিদেশ থেকে কাউকে আনতে হলে একটি প্রসেসের মধ্যে দিয়ে আনতে হয়। প্রথম কাজ করতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। কামরুলকে এনে বিচারের মুখোমুখি করা হবে।”
কামরুলের পালানোর ক্ষেত্রে পুলিশের সহযোগিতা ছিল বলে যে অভিযোগ রয়েছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, “কেউ এর পেছেনে থাকলে তাকেও আইনের মুখোমুখি হতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
রাজনকে পেটানো ও হত্যার দৃশ্য ভিডিও করার বিষয়ে মন্ত্রী বলেন, “সমাজের একটি দায়বদ্ধতা রয়েছে। ওই সময় এত মানুষ ছিল, অথচ কেউ পুলিশকে জানাল না, নিজেরাও প্রতিবাদ করল না। তাদেরকেও কিছু দায়িত্ব নিতে হয়।”
এমকে





