গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধায় শুক্রবার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। থমকে দাঁড়িয়েছে জেলার সবগুলো নদনদীর পানি। ঘাঘট নদীর পানি গতকাল বৃহস্পতিবার থেকে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যাকবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি, জ্বালানি এবং গবাদি পশুর খাদ্যের সংকট তীব্র আকার ধারণ করেছে। পানিবন্দি হাজার হাজার মানুষ এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
কৃষি বিভাগ জানিয়েছে, বন্যাকবলিত সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৯শ’ ২১ হেক্টর জমির আমন বীজতলা, রোপা আমন ও শাকসবজির খেত পানিতে তলিয়ে গেছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলছড়ি উপজেলায় ৩৯ মেট্রিকটন চাল ও ৪০ হাজার টাকা, সাঘাটায় ২০ মেট্রিকটন চাল ও ২০ হাজার টাকা এবং সদর উপজেলায় ১২ মেট্রিকটন ও ২০ হাজার টাকা বিতরণের কাজ শুরু করেছে।

জামালপুর : জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার পানি স্থিতিশীল থাকলেও ব্র‏হ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

শুক্রবার সকালে বাহাদুরাবাদ পয়েন্ট যমুনার পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি ছড়িয়ে পড়ায় মাদারগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন ছাড়াও মেলান্দহ ও জামালপুর সদর উপজেলার বেশকিছু এলাকা নতুন করে কবলিত হয়ে পড়েছে। সবমিলিয়ে জেলার ৭টি উপজেলার ৩৫টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি। গেলো ৫ দিনের বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকায় খাবার, পানীয় জল ছাড়াও গোখাদ্যের সঙ্কট তীব্র হয়ে উঠেছে। ছড়িয়ে পড়তে শুরু করেছে পানিবাহিত রোগ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ২৪ মেট্রিকটন চাল ও ৫ লাখ টাকার শুকনো খাবার বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার পানি সামান্য কমলেও ১৬ সেন্টিমিটার বেড়েছে তিস্তার পানি। এ জেলায়ও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

বন্যায় তলিয়ে গেছে জেলার ৯ উপজেলার ৫০ ইউনিয়নের চর, দ্বীপচর ও গ্রাম। এসব এলাকার প্রায় ৫০ হাজার পরিবার গত ৭ দিন ধরে পানিবন্দি জীবন-যাপন করছে। অনেক পরিবার উচু মাচা ও কলা গাছের ভেলায় অবস্থান নিয়ে দুর্বিসহ দিন পার করছে। এসব পরিবারের মাঝে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি সংকট দেখা দিয়েছে গো-খাদ্যের। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কলা গাছের ভেলা ও নৌকাই তাদের এখন একমাত্র ভরসা।

সরকারি ও বেসরকারি ত্রাণ সহায়তা না পাওয়া বানভাসী মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে অনেক পরিবারের।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আছিয়া বেগম জানান, ‘গত শনিবার থেকে খেয়ে না খেয়ে দিন পার করছি। কোনো মেম্বার চেয়ারম্যান এ পর্যন্ত খোঁজ নিল না।’
এদিকে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ৩০ হাজার হেক্টর জমির রোপা আমন, শাক-সবজি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, বন্যার্তদের জন্য ১০০ মেট্রিকটন চাল ও ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬০ মেট্রিকটন চাল ও নগদ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আরো বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সবিবুর রহমান জানায়, গত ২৪ ঘন্টায় চিলমারী ব্রহ্মপুত্রের পানি ৭ সেন্টিমিটার হ্রাস পেলেও এখনও বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

সিরাজগঞ্জ : গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও জেলার অভ্যন্তরীণ করতোয়া, বড়াল, ইছামতি ও ফুলজোড় নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি না পাওয়ায় গতকালের মত আজও পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু জেলার অভ্যন্তরীণ করতোয়া, বড়াল, ইছামতি ও ফুলজোড় নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনো বন্যার পানিতে প্লাবিত হওয়া ঘর-বাড়ি, ফসলি জমি ও গো-চারণ ভূমির পানি নেমে না যাওয়ায় বানভাসী মানুষের দুর্ভোগ কাটেনি।

এদিকে গত গত দুই দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা ৮০ মেট্রিকটন চাল ও নগত ৫০ হাজার টাকা সাধারণ মানুষের হাতে পৌঁছায় সুষম খাদ্যের অভাব কিছুটা কমেছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেন জানান, জেলার বন্যা পরিস্থিতি আজ অপরিবর্তিত রয়েছে। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সহায়তা প্রদান করা হবে।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই