নতুন বছরে পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষে সুনামগঞ্জ পৌরসভায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন পৌর মেয়র আইয়ূব বখত জগলুল।
বুধবার সকাল ১১টায় ঝাড়ু হাতে শহরের ব্যস্ততম সড়ক আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) নিজেই পরিষ্কার কাজ শুরু করেন।
মেয়রকে হঠাৎ ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে দেখে অনেকেই অবাক হন। তবে তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। অভিযানের প্রথম দিনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার থেকে মধ্যবাজার পর্যন্ত সড়ক পরিস্কার করা হয়। এ সময় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
পৌর মেয়রের দায়িত্ব পাওয়ার পর থেকে আইয়ূব বখত জগলুল শহরকে একটি আধুনিক ও মান সম্পন্ন পৌরসভায় রূপ দিতে ইতোমধ্যে প্রধান প্রধান সড়কের সৌন্দর্য বর্ধন করেছেন। এছাড়া রাতের আধারে ঘুরে ঘুরে পৌর নাগরিকদের জন্য নির্মাণাধীন স্থাপনাগুলোর কাজের মান যাচাই ছাড়াও দরিদ্রদের ঘরেঘরে খাবার নিয়ে উপস্থিত হয়ে মেয়র উঠে এসেছেন আলোচনায়।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ব্যাপারে মেয়র আইয়ূব বখত জগলুল বলেন, ‘সুন্দর একটি শহর আমি নাগরিকদের উপহার দিতে চাই, আমি চাই নাগরিকরা যেনো শহরে স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন, আবর্জনা পাড় হয়ে যেনো কষ্ট করে নাগরিদের চলতে না হয়, সেজন্যে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, ‘আমাদের শহরকে আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি।’ এজন্য তিনি নাগরিকদের সহযোগিতা চেয়েছেন।
জেআই





