ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার সকালে প্রথমে বুয়েট ক্যাম্পাসে তাকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানানোর জন্য তার লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ও টিএসসিতে নেয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মেডিকেল কলেজে হস্তান্তর করা হবে।
অভিজিৎ রায়ের বাবা ড. অজয় রায় জানিয়েছেন, তার উইল অনুযায়ী তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) দান করা হবে। রোববার সকালে ঢামেক মর্গের ফ্রিজ থেকে অভিজিতের লাশ নেয়ার সময় ড. অজয় এ কথা জানিয়েছেন।
শুক্রবার ময়নাতদন্তের পর অভিজিতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গের ফ্রিজে রাখা হয়েছিল। মর্গ থেকে অভিজিতের মরদেহ গ্রহণের পর একটি অ্যাম্বুলেন্স যোগে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো. ইসমাইল খান জানান, মরদেহ হস্তান্তরের কাগজপত্র প্রস্তুত করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের অধ্যাপক শামীম আরা জানান, মরদেহ পাওয়ার পর তিন মাস ফ্রিজ আপ করে রাখা হবে। এরপর পাঠদানের কাজে ব্যবহৃত হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে বইমেলা থেকে ফেরার পথে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা সন্ত্রাসী হামলার শিকার হন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অভিজিতের মৃত্যু হয়। বন্যাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এআর





