রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।

রোববার ইসি সচিবালয়ে আনুষ্ঠানিক এক বৈঠকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, আয়-ব্যায়ের হিসাব জমা দেওয়ার জন্য আগামী রোববার পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবার আওয়ামী লীগ, বিএনপিসহ ১৫টি দল আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়াতে আবেদন করেছিলো।

দলগুলোর মধ্যে রয়েছে-জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ সাম্যবাদী দল, গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ), বাংলাদেশ খেলাফত মজলিস, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এনপিপি, গণফ্রন্ট, বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সম্প্রতি বিএনপি হিসাব জমা দিয়েছে।

আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। পরপর ৩ বছর কোনো দল হিসাব দিতে ব্যর্থ সে দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে আইনে। গত বছর কয়েকটি দল সময় বাড়ানোর আবেদন করলেও সময় বাড়ানো হয়নি।

এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

তিনি সাংবাদিকদের বলেন, আপাতত মেশিনগুলো কী অবস্থায় আছে তা জানতে চেয়েছি। আইটি শাখা প্রতিবেদন দিলে এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, ইভিএম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যবহার করতে বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। আজ তা নিয়েই আলোচনা হয়েছে। প্রস্তাবিত বিধিমালায় বেশ কিছু করণিক ত্রুটি রয়েছে। এগুলো আবার ঠিক করে কমিশনে বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ