যশোরের বাঘারপাড়া উপজেলায় শরিফুল ইসলাম (৪৫) নামে ওলামা লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোর ৫টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাত ১০টার দিকে তিনি হামলার শিকার হন।

নিহত শরিফুল বাঘারপাড়া উপজেলার হাগড়া গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে। তবে তার দলীয় ‍পদ জানাতে পারেনি পুলিশ।

বাঘারপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, সোমবার রাতে শরিফুল ইসলাম বাড়ির পাশে ডিপ টিউবওয়েলে গেলে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

তিনি আরও জানান, শরিফুল নিজেকে ওলামা লীগ নেতা পরিচয় দিলেও কেউ তার পদবি বলতে পারছেন না।

হত্যাকাণ্ডের ঘটনায় শরিফুলের ভাই জাকির হোসেন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেছেন। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি।

কেএইচ