সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় পেট্রল বোমা বিস্ফোরণে একটি ট্রাক পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তেতলী লতিফুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইন চার্জ (ওসি) খায়রুল ফজল ট্রাকে পেট্রল বোমা ছুঁড়ে মারার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি-না জানা যায়নি। হামলাকারীদের আটকে পুলিশি তৎপরতা চলছে।
জানা যায়, সুনামগঞ্জ থেকে একটি ট্রাক (রংপুর ট ১১-০১৮৪) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলী লতিফুর নামক স্থানে যাওয়ার পর কয়েকজন যুবক এসে ট্রাকটি লক্ষ্য করে একটি পেট্রল বোমা ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে পেট্রল বোমাটি বিস্ফোরিত হয়ে ট্রাকে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় লোকজনের সহযোগিতায় তারা আগুন নেভাতে সক্ষম হন। তবে এর আগেই ট্রাকটি পুড়ে যায়।
কেএইচ





