দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।
সম্পদের হিসাব না দেওয়ায় গত সেপ্টেম্বরে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় বুধবার রাত সাড়ে ৮টায় তাকে মহানগরের মির্জাজাঙ্গাল এলাকা থেকে গ্রেফতার করে দুদক। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
দুর্নীতি দমন কমিশন সিলেটের উপপরিচালক রেভা হালদার জানান, গ্রেফতার সুব্রত চক্রবর্তী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও অন্য খাত থেকে আসা প্রায় ৪ কোটি টাকা আত্মসাত করেন।
দুদক তাকে নিজেদের কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসাব দেওয়ার জন্য একাধিক নোটিশ দিলেও তিনি দুদককে অসহযোগিতা করায় তার বিরুদ্ধে গত ১ সেপ্টেম্বর দুদক আইনের ১৯ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলায় বুধবার রাতে মুক্তিযোদ্ধা সুব্রতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরপরই তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে দুদক।
সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএনজে





