জেলার কালিগঞ্জ উপজেলায় ডাকাতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফজলুল হক নামে এক ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়েছেন। এসময় পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি বোমা ও একটি রামদাঁ উদ্ধার করেছে।
উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজেরগড় মাঠ সংলগ্ন এলাকায় রবিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফজলুল হক মৌতলা গ্রামের মমতাজ আহমেদের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডাকাতরা রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মৌতলায় অভিযান চালায়।
এসময় মৌতলা ইউনিয়নের নামাজেরগড় মাঠ এলাকায় পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটনায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা রাতের আঁধারে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ফজলুল হককে আহতাবস্থায় উদ্ধার করা হয়। তার ডান পায়ে গুলি লেগেছে। এসময় পুলিশের তিন কনস্টেবলও আহত হয়েছেন।’
ফজলুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নামে শ্যামনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





