চট্টগ্রাম নগরীর একটি গাম তৈরির কারখানায় আগুন লেগে তিন শ্রমিক আগুনে পুড়ে গেছেন।

চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় রেডিমেড ইন্ডাস্ট্রিজ নামে ওই কারখানায় বুধবার সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- নিখিল দাশ, নিপুর চৌধুরী ও বিদ্যুৎ বড়ুয়া।

কালুরঘাট ফায়ার স্টেশন কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, সকাল ১১টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিষ্ঠানের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে। রাসায়ানিক মিশ্রণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, অগ্নিদগ্ধদের চমেক হাসপাতাল ভর্তি করা হয়েছে। তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মৃণাল কান্তি দাশ বলেন, আহতদের মধ্যে বিদ্যুৎ বড়ুয়ার শরীরের অধিকাংশই পুড়ে গেছে। অন্য দুইজনের নিপুর চৌধুরীর শরীরের প্রায় ৭০ শতাংশ ও নিখিলের শরীরের ৫০ শতাংশের কিছুটা কম দগ্ধ হয়েছে।

কেএইচ