বাওড় দখলকে কেন্দ্র করে যশোরের বেনাপোলে নাসির হোসেন (৪৫) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।
রোববার বেলা ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবলীগ নেতা ওই গ্রামের উজ্জ্বল মল্লিকের ছেলে ও বাহাদুরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজান এবং সাধারণ সম্পাদক মফিজের সমর্থকদের মধ্যে বাওড় দখল নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় মিজানের সমর্থক আওয়ামী লীগ নেতা মোছা করিম ও তার ভাতিজা বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল আহত হয়।
রাতেই আওয়ামী লীগ নেতা মুসা বাদী হয়ে মফিজ গ্রুপের ৮/১০ সমর্থককে আসামি করে পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই ঘটনার জের ধরে রোববার দুপুরে মফিজ গ্রুপের সমর্থকরা চড়াও হয়ে যুবলীগ নেতা নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বিষয় নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কেএইচ





