করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'জীবন স্থবির থাকতে পারে না। জীবন চলতে থাকবে।' রবিবার (২১ জুন) গণভবনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে এরই মধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে হারিয়েছি। দেশবাসীর কাছে বলবো, আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন এই করোনাভাইরাস থেকে মুক্তি দেন। এটি শুধু বাংলাদেশের না, বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনাভাইরাস থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটিই আমরা চাই।’
প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রী ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমাদের উন্নয়ন কিছুটা ব্যাহত হচ্ছে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, ধারাবাহিকতা বজায় রেখে যতটুক সম্ভব উন্নয়নের গতিটা ধরে রাখতে।'
শেখ হাসিনা বলেন, 'দেশবাসীর প্রতি অনুরোধ, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।'
প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) কাছে সংবাদ আছে যে, খাল কাটার নামে, পুকুর কাটা-সংস্কারের নামে খালি পাড়গুলো ছেঁটেছুটে বিল তোলা হয়েছে। তিনি মন্ত্রণালয়কে বলেছেন, এটা ভালো করে দেখা দরকার।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ আসছে, ঠিকাদার দিয়ে কাজ করানো হয়। তারা পুকুরের চারপাশ পরিষ্কার করে কিন্তু নিচে যায় না। যদি বলে মাটি কাটছে, মাটি গেল কোথায়? পুকুর, খাল থেকে যে মাটি উঠানো হবে, সে মাটি কোথায় গেল খোঁজ নিয়ে দেখুন। ভালো করে পরখ করে দেখুন, যাতে ছেঁটেছুটে না বলে পুকুর কেটেছি।’
বিষয়টি নিয়ে নিজের মন্তব্য তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘এটা অত্যন্ত পুরোনো একটা টিকস। এটা নিয়ে আমিও পরিচিত মোটামুটি। আমি নিজে দেখেছি এটা। এটা সম্পর্কে তিনি (প্রধানমন্ত্রী) জানেন এবং খুব স্ট্রং মন্তব্য করেছেন।’
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের ‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের দ্বিতীয়বার সংশোধন আজকের একনেক সভায় অনুমোদন হয়েছে। এ প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন যে, এত সময় লাগলো কেন। এটা ঠিক হয়নি। আরও আগে শেষ হওয়া দরকার ছিল। তিনি বলছেন, আর বাড়াবো না। শেষ করো এখন।’
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
এএস





