চলমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণে উভয় পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে রাষ্ট্রপতির উদ্যোগ চেয়েছে মানবাধিকার কর্মীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অরগানাইজেশন (এফবিএইচআরও)’।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আহবান জানানো হয়।
‘গণতন্ত্র, মৌলিক অধিকার সুরক্ষা ও চলমান রাজনৈতিক সহিংসতা থেকে উত্তরণের দাবিতে’ এ মানববন্ধনের আয়োজন করে তিন শতাধিক মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত এফবিএইচআরও।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এ মানবন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।
মানববন্ধনে আয়োজক সংগঠনের আহবায়ক ড. মো. শাহজাহান বলেন, ‘বাংলাদেশের মানবতা আজ বিপন্ন। রাজনৈতিক সহিংসতায় মেডিকেল কলেজের বার্ন ইউনিট দগ্ধ মানুষের গোলাঘরে পরিণত হয়েছে। মানুষ তার জীবনের নিরাপত্তা, স্বাধীনভাবে চলাচলের অধিকার ও জীবিকা অর্জনের সুযোগ সুবিধা হারিয়েছে।’
তিনি আরো বলেন, ‘নাগরিকদের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত। উৎকণ্ঠা, শঙ্কা ও নিরাপত্তাহীনতা সমগ্র জাতিকে গ্রাস করে ফেলেছে। এ পরিস্থিতিতে জাতি ও বিশ্বসমাজ উৎকণ্ঠা প্রকাশের পাশাপাশি সহিংসতা বন্ধের আহবান জানিয়েছে।’
রাজনৈতিক এ সঙ্কট নিরসনে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে রাষ্ট্রপতির প্রতি আহবান জানান তিনি।
মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, ভাষাসৈনিক অধ্যাপক ড. মির্জা মাজহারুল ইসলাম, ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন প্রমুখ।
জেআই





