ঝিনাইদহ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার রাতে। শাকিল আহম্মেদকে সভাপতি ও রানা হামিদকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটির অন্যান্য সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের আগের কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা মিথুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বুধবার মধ্যরাতে কমিটি ঘোষণার খবর ঝিনাইদহে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন।

মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইদহ কেসি কলেজ চত্বরে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সম্মেলন ২০১৪ অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কোনো কমিটি ঘোষণা করা হয়নি।

রাতে ঝিনাইদহ সার্কিট হাউসে কেন্দ্রীয় নেতারা সমঝোতার ভিত্তিতে কমিটি করতে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরে যান। একদিন পর বুধবার মধ্যরাতে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়।

এমএ