রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে আজ শুক্রবার ফাতেমা আক্তার মনি (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
মতিঝিল থানা-পুলিশ জানায়, খবর পেয়ে আজ বেলা একটার দিকে ফকিরাপুলের আল সাহারা আবাসিক হোটেলের ১২০ নম্বর কক্ষের দরজা ভেঙে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত ছিল। ওই নারী হোটেলটির পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। প্রতিদিনের মতো আজও তিনি ওই হোটেলে কাজ করতে যান। পরে হোটেলের ওই কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেকক্ষণ হয়ে গেলেও দরজা না খোলায় হোটেলের লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে তাঁরা থানায় খবর দেন।
মতিঝিল থানার অফিসার ইন চার্জ (ওসি) ফরমান আলী সাংবাদিকদের বলেন, ওই নারী ফকিরাপুল এলাকায় এক আত্মীয়ের সঙ্গে থাকতেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এই মৃত্যু আত্মহত্যাজনিত বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





