রাজধানী মিরপুর ৭ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনায় তিন হাজার পরিবারের ৫০০-৬০০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম।
আজ (১৭ আগস্ট) শনিবার সকালে মিরপুর-৭ চলন্তিকা মোড়ের পাশে চলন্তিকা বস্তির আগুন নিয়ে সাংবাদিকদের এইসব তথ্য জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক।
রেজাউল করিম বলেন, “বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘরই ছিলো কাঁচা। এর ফলে কিছু ঘর দেবে গেছে এবং ঘরের চালা চাপা পড়েছে। এজন্য এসব ধ্বংসস্তূপ অপসারণে আমাদের সময় লাগছে। এসব অপসারণ করে ভেতরে কোনো ভিকটিম আছে কিনা আমরা সার্চিং করে দেখছি। আগুনে প্রায় ৫০০-৬০০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।”
এক প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, আগুনের উৎস আমরা এখনও বের করতে পারিনি। তবে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়েছে। অনুসন্ধান শেষে আগুনের উৎস নিশ্চিত করে বলা যাবে। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে প্রধান সমস্যা বস্তির এন্ট্রি পয়েন্ট একটি এবং সরু গলির কারণে বস্তি পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি যায়নি। যার ফলে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন,“এছাড়া পানির সংকট ছিল। আমরা গাড়ির মাধ্যমে এবং আশে-পাশের গার্মেন্ট থেকে পানি নিয়ে কাজ করেছি। আগুন আশে-পাশের ভবনে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটি আমরা রোধ করতে পেরেছি।”
রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত বস্তিতে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এমবি





