রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হলে মঙ্গলবার রাতে গুলির শব্দ শোনার পর তল্লাশি চালিয়েছে মতিহার থানাপুলিশ।তবে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে কাউকে আটক বা কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি।
হল সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে হলের দ্বিতীয় তলার উত্তর-পশ্চিমের ব্লক থেকে একটি বিকট শব্দ শুনতে পাওয়া যায়। পরে হলে অবস্থানরত পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
খবর পেয়ে রাত ৩টার দিকে রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম ও মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের নেতেৃত্বে হলের একাধিক কক্ষে তল্লাশি চালানো হয়।
হল কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ রাত ৩-৪টা পর্যন্ত তল্লাশি চালালেও সন্দেহভাজন কাউকে আটক বা কোনো কিছু উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, শাহ মখদুম হলে গভীর রাতে একটি বিকট শব্দ শোনার পর প্রাধ্যক্ষ ইমতিয়াজ আহমেদের সহায়তায় তল্লাশি চালানো হয়। তবে সন্দেহভাজন কাউকে আটক বা কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





