নরসিংদীতে গ্রামের বাড়ি যাওয়ার পথে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের দুই চিকিৎসকসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১২ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. জহিরুল হক ও তার স্ত্রী ডা. তুহিন। তাদের বাড়ী নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে কর্মরত রয়েছেন। নিহত অপরজন মাইক্রোবাসের চালক খোকন।
পুলিশ জানিয়েছেন, ডা. জহিরুল হক ও তার স্ত্রী ডা. তুহিন ঈদ উপলক্ষে ঢাকা থেকে নরসিংদীর মরজাল গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ীটি ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে পৌঁছলে ভৈরব থেকে আসা একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চিকিৎসক ও মাইক্রোবাসের চালক নিহত হন। আহত হন বাসের ৫ যাত্রী। তাদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন, যাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই চিকিৎসক ও তাদের মাইক্রোবাসের চালক মারা যান। বাসটিকে আটক করা হয়েছে।
এমবি





