মহাসড়ক অবরোধ করে সশস্ত্র একদল ডাকাত এক পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনতাই করেছে। রোববার রাত সোয়া ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একই ইউনিয়নের বিশ্বা গ্রামের এন্তাজ আলী মন্ডলের ছেলে ইসমাইল হোসেন বাবু (৩০) ও পুলিশের এক কনস্টেবল চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান জি.এম মোস্তফা কামাল জানান, পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল একজন কনস্টেবল ও বাবু নামের একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ভবানীপুর এলাকায় আসামি ধরতে যায়।
কিন্তু আসামি না পেয়ে শেরপুরে ফেরার পথে উক্ত স্থানে পৌঁছলে সশস্ত্র ডাকাতদল বা ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে। একপর্যায়ে তাদের বেঁধে রেখে মারপিট করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
এদিকে এই খবর পেয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সবাইকে উদ্ধার করে।
শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তারা আহত হয়েছেন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে বলে এই পুলিশ কর্মকর্তা দাবি করেন।
এ ঘটনার পর থেকে রাত ১১টা পর্যন্ত আমিনপুর আঁশগ্রাম, ভবানীপুর বাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। তবে খোয়া যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে।
এআর





