কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওড়াঞ্চলে চামড়া বন্দরে পানিতে ডুবে শাহাদাত হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
শাহাদাত নোয়াখালী জেলার নূর হোসেনের ছেলে এবং রাজউক উত্তরা মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, ঢাকা রাজউক উত্তরা মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের জিয়াউর রহমান ইমনের (১৭) বন্ধু হিসেবে রাউজক কলেজের শাহাদাত হোসেন (১৮) ও মো. মোস্তাহিদ তার বাড়িতে বেড়াতে আসেন। রোববার সকালে তিনবন্ধু মিলে চামড়া বন্দরে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
রাজউক উত্তরা মডেল কলেজের ছাত্র জিয়াউর রহমান ইমন বলেন, রোববার সকালে চামড়া বন্দরে থেকে ধনু নদীতে তারা ৩ বন্ধু নৌকা ভাড়া করেন। শাহাদাত হাওড়ে গোসল করতে নামলে পানিতে ডুবে যায় সে। পরে অনেক খোঁজাখুজি করে তাকে না পাওয়ায় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশের সহায়তায় এলাকাবাসী দুপুর দুটার দিকে শাহাদাতের লাশ উদ্ধার করে।
করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





