গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ৭,০০০ কেজি কারেন্ট জাল জব্দ করেছে র্যাব-৮। সোমবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের বিলাস সরকারের দোকান থেকে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
এ ঘটনায় দোকান মালিক বিলাস সরকারকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
র্যাব-৮-এর এডিশন্যাল এসপি নূরে আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের বিলাসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকান থেকে ৭ হাজার কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। নিযিদ্ধ জাল বিক্রির অপরাধে দোকান মালিক বিলাস সরকারকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খায়রুজ্জামানের সামনে হাজির করা হয়। বিচারে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবসায়ী বিলাস সরকারকে ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খায়রুজ্জামান জানিয়েছেন, জব্দ করা কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





