রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই বাসটি মহাসড়কের পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় যোগ দেয়। বাসের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অন্তত ৩০ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
এস