ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যার তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। তবে হত্যার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান।
বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি করে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।
সিজার নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও কো-অপারেশন প্রুফসের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
এদিকে ১৬ দিনেও সিজার তাবেলার হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি ডিবি। তদন্তের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তারা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মোটরসাইকেল আরোহীসহ অন্তত ২০ ব্যক্তিকে শনাক্ত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দফায় দফায় অভিযান চালানো হয়েছে। এরপর ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে এখন সন্দেহের তালিকায় তিন-চারজনকে রাখা হয়েছে।
এর আগে গতকাল বুধবার দুই বিদেশি নাগরিককে হত্যাসহ সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ‘আমরা খুব কাছাকাছি চলে এসেছি। দ্রুতই অগ্রগতি জানাতে পারব। আরেকটু অপেক্ষা করেন।’
এমআর





