চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মুরগী ফার্ম আলমতারা পুকুরপাড় এলাকায় সাইদুল ইসলাম(২৪) নামে যুবদলের এক কর্মীকে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম একই এলাকার আরবান আলী মাঝির বাড়ির মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় কেবল অপারেটর ব্যবসায়ী।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান বলেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে সাইদুলকে প্রতিপক্ষের লোকজন বাসা থেকে ডেকে নিয়ে যায়। আলমতারা পুকুর পাড় এলাকায় নিয়ে তার শরীরে ছুরিকাঘাত ও গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতরা চিহ্নিত। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।
সাইদুল কোন দলের সঙ্গে জড়িত নয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
তবে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জিয়ার দাবি সাইদুল ইসলাম ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী।
স্থানীয় সূত্র জানায়, সাগরিকা মুরগী ফার্ম এলাকায় সোহেল নামে একজনের সঙ্গে সাইদুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে সোহেলসহ তার সাঙ্গপাঙ্গরা সাইদুল ইসলামকে ধরে নিয়ে যায়। আলমতারা পুকুর পাড় এলাকায় নিয়ে প্রথমে ছুরিকাঘাত করে পরে ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যায়। খবর পেয়ে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, সাইদুল ইসলামকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করা হয়েছে। শরীরেও ছুরিকাঘাতের জখম রয়েছে।
এএইচ





