বাগেরহাটে নাশকতার দুই মামলায় জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোরকে (৫০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম বলেন, ৫ জানুয়ারির পর বাগেরহাট-খুলনা মহাসড়কে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে বাগেরহাট মডেল থানায় দু’টি নাশকতার মামলা দায়ের করে পুলিশ। মামলায় জেলা ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

ওই দুই মামলার আসামি বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সদর থানা বিএনপির সভাপতি মোজফ্ফর রহমান আলম ডেমা ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সজীব তালুকদার সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

আদালত মোজফ্ফর রহমান আলমের জামিন মঞ্জুর করলেও বাকিদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কেএইচ