দেশের উন্নয়নের জন্য অবিলম্বে যশোর জেলাকে বিভাগ ঘোষণা করার দাবি জানিয়েছে যশোর ইনফো ফাউন্ডেশন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, বাংলাদেশের প্রধান ৫টি রাজস্ব প্রদানকারী জেলার একটি। মাছের পোনা ও ফুল উৎপাদনে প্রথম, মোটর যন্ত্রাংশ ও বডি নির্মাণে দ্বিতীয়, সার ও ভূষি মালামাল আমদানিতে তৃতীয় এবং সবজি উৎপাদনে বিশেষ স্থান দখল করে আছে এ জেলা।

তারা বলেন, যশোর বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক জোন। এখানে সরকারি অ্যাকাউন্ট রয়েছে ৪৭টি, অন্যদিকে খুলনা বিভাগে রয়েছে ৩৭টি। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলসহ নওয়াপাড়া শিল্প নগরী ও নৌবন্দরের মত অর্থনৈতিক স্থান রয়েছে।

বক্তারা আরো বলেন, যশোর থেকে মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার দূরত্ব অনেক কম। সুতরাং যশোরকে বিভাগ করা হলে ওই জেলাগুলোর প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা সহজ হবে।

কেএইচ