গরু ব্যবসায়ী আতিয়ার রহমান (৩৫)কে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে আহত করে মাথাভাঙ্গা নদীতে ফেলে দিয়েছে বিএসএফ। মঙ্গলবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে বাড়াদি সীমান্তের ৮১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে আতিয়ার রহমান, আল-আমিন ও মজিবর রহমানসহ ১৪/১৫ জন গরু ব্যবসায়ী ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গোবিন্দপুরে যায়। সেখান থেকে গরু কিনে মঙ্গলবার সকালের দিকে একই পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আতিয়ার রহমানকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে আহত করে পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে ফেলে চলে যায়।

পরে আল-আমিন ও মজিবর রহমান তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

জেএ