কক্সবাজারের টেকনাফে সার পাচারকারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সংঘর্ষে গুলিবিদ্ধ এক পাচারকারীকে আটক করা হয়েছে।এ সময় ১০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

বিজিবির ৪২ ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নামক নাফনদী সংলগ্ন বেড়িবাঁধ এলাকা দিয়ে ১০-১২ জন লোক সার পাচার করছিল।

এ খবর পেয়ে জিম্মংখালী বিওপি চৌকির হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে জওয়ানরা সেখানে অভিযানে যান।বিজিবির উপস্থিতি টের পেয়ে সার পাচারকারীরা অস্ত্র নিয়ে ধাওয়া করে।এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে ২৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

সার পাচারকারীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার আব্দু সালামের ছেলে আনোয়ার হোসেনকে (৩০) আটক করা হয়।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর