গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মামুন মিয়া (২২) নামের শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (০১ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থী ছিল। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগছি হাতিয়াদহ গ্রামের বাসিন্দা।

জানা যায়, মহাসড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সিএনজির সাথে সংঘর্ষ হলে তার পালসার দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলের অদূরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মামুন মিয়ার অকাল মৃত্যুতে তার বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল/এমবি