ফেনী ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের যুবলীগ নেতা নয়নকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন মুহুরীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে তার অনুসারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টায় কয়েকশ’ নারী-পুরুষ মহাসড়কের নতুন মুহুরীগঞ্জ থেকে ফাজিলপুর রাস্তার মাথায় বিভিন্ন অংশে বিভক্ত হয়ে অবস্থান নেয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই অংশে শত শত গাড়ি আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।

ফেনী ও ছাগলনাইয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ এবং র‌্যাব ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার পর পুনরায় যান চলাচল সচল হয়। এসময় অবরোধকারীরা মহাসড়কের প্রায় অর্ধশত গাড়ি ভাঙচুর চালায়।

ছাগলনাইয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) রাশেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, রোববার রাতে ডজন মামলায় অভিযুক্ত থাকায় ফেনী র‌্যাব-৭ এর সদস্যরা ছাগলনাইয়ার ঘোপালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কেএইচ