রাজধানীতে আজ বৃহস্পতিবার থেকে সব ফলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগরের ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী নেতাদের দাবি, ফল ফরমালিনমুক্ত করার লক্ষ্যে তারা এ কর্মসূচি দিয়েছে।
বুধবার রাজধানীর ফলের দোকানে দোকানে এ সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়। ঢাকা মহানগর ফল ব্যবসায়ীদের নামে এ প্রচারপত্রে বলা হয়, ফরমালিনমুক্ত করার লক্ষ্যে ১৯ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ফলের দোকান বন্ধ থাকবে। এতে আরও উল্লেখ করা হয়, ‘যতদিন ফরমালিন মুক্ত না হবে ততদিন পর্যন্ত ব্যবসা বন্ধ থাকবে। বাঁচার মতো বাঁচতে চাই, ফরমালিনমুক্ত ফল চাই।’
ঢাকা মহানগর ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সানাউল্লাহ বলন, ভ্রাম্যমাণ আদালত ফরমালিনমুক্ত অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি ও পুঁজি ধ্বংস করছেন। ভ্রাম্যমাণ আদালত সংগঠনের সাধারণ সম্পাদকআজমল হোসেনকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ তার দোকানের সব ফল ধ্বংস করেছেন। একের পর এক অভিযানে ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে পথে বসতে চলেছেন। এ অবস্থায় তারা কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
এর প্রতিবাদে আগামী শনিবার সকালে নয়টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগরের ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানান মো. সানাউল্লাহ। এতে কৃষক সমবায় সমিতিও অংশ নেবে।
সভাপতি সানাউল্লাহ আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত ফলের হিমাগারে অভিযান চালান না। সেখান থেকে বাইরে ফল এনে পরীক্ষা করলে তাতে নিশ্চিত ফরমালিন পাওয়া যাবে বলেও দাবি তার।
তিনি বলেন, তারা তো আমদানিকারকদের কাছ থেকেই ফল কেনেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা ফলে ফরমালিন মেশান না। কারা ফরমালিন আনেন, কারা ফলে ফরমালিন মেশান সেটি খোঁজ না করে ভ্রাম্যমাণ আদালত ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের হয়রানি করে চলছে। ভ্রাম্যমাণ আদালতে ফরমালিন শনাক্তকরণ যন্ত্রে ক্রটি আছে দাবি করে তিনি বলেন, তারাও চান ফরমালিন মুক্ত ফল বিক্রি করতে।
ঢাকা, ১৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





