সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কোনাগাঁতী গয়হাট্টা গ্রামে বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে ইয়াকুব আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন লিলি, সবুজ ও লিখন নামের আরো তিনজন।
স্থানীয়রা আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার কোনাগাঁতী গয়হাট্টা গ্রামের মৃত ফজেল আকন্দের বাড়িতে তার ছেলে বাবলু হোসেনের বিয়ের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে বিয়ে বাড়ির লোকজনের সঙ্গে মাইক অপারেটর প্রতিবেশী লিখন ও তার স্বজনদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে লিখন, সবুজ, লিলি ও ইয়াকুব আলী নামের একই পরিবারের চার ব্যক্তি গুরুতর আহত হন। এদেরকে মুমূর্ষু অবস্থায় রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইয়াকুব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) তাজুল হুদা জানান, সোমবার রাতেই ঘটনাটি জানার পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমান এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
কেএইচ





