যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ডাঃ শেখ আফিল উদ্দীন ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র রেজওয়ান হোসেন (২২) গত বছরের ৪ আগষ্ট নিখোঁজ হয়। বই কেনার উদ্দেশ্যে বেনাপোল বাজারের দূর্গাপুরস্থ রোডের বেনাপোল ইউনিয়ন ভূমি অফিসের সামনে পৌঁছালে বেলা আনুমানিক ১২ টার সময় সাদা পোশাকে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে তাকে জোর করে তুলে নিয়ে যায়।
পরিবারের লোকজন স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পান, বেনাপোল পোর্ট থানার এস আই নুর আলমের নেতৃত্বে রেজওয়ান হোসেনকে তুলে নেওয়া হয়। সংবাদ সম্মেলনে এমনই দাবি করেন নিখোজ কলেজ ছাত্র রেজওয়ানের মা সেলিনা বেগম।
রবিবার ( ২৮ মে ) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এসব কথা বলন তিনি।
অসহায় সেলিনা বেগম আরো জানান, ছেলে নিখোঁজের দিন বেনাপোল পোর্ট থানায় যোগাযোগ করা হলে থানা থেকে বলা হয় তারা রেজওয়ানকে গ্রেফতার করেনি। একদিন পর ঐ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে থানা কোনো অভিযোগ গ্রহণ ও খোজার ব্যাপারেও কোনো সহযোগিতা করেনি। প্রায় দীর্ঘ এক বৎসর হতে চললো রেজোয়ানকে ফেরত পাওয়ার জন্য প্রশাসনের কাছে আকুতি মিনতি জানালেও এখনও পর্যন্ত তাকে ফেরত দেওয়া হয়নি। এমনকি খোজার ব্যাপারেও কোনো সহযোগতিা করছে না। ছেলেকে হারিয়ে পরিবার উৎকন্ঠায় জীবন যাপন করছে। পুত্র হারানোর শোকে মা বাবা এক প্রকার শয্যা শায়ী।
রেজওয়ান হোসেনকে আইন শৃংখলা বাহিনীই তুলে নিয়েছে এবং তাদের কাছেই আছে বলে নিশ্চিত দাবি করেন সেলিনা বেগম। নিখোঁজ সন্তানকে ফিরে পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি’র আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন অসহায় এই মা।
তিনি বলেন, আমার ছেলে যদি কোনো অপরাধের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে প্রচলিত আইনে বিচার করা হোক। তারপরও তাকে জনসমক্ষে হাজির করার অনুরোধ করছি।
নিখোজ রেজওয়ান হোসেন শার্শা উপজেলা বারপোতা গ্রামের বাসিন্দা।
এমই





