নাটোরের বড়াইগ্রাম উপজেলার রেজির মোড়ে নাটোর-ঢাকা মহাসড়কে সোমবার বিকালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন নিহত হয়। নিহত হয়েছেন উভয় বাসের চালক ও সহকারীরাও।

তাদের স্বজন আর জনতার উচ্চস্বরে কান্নায় ভারি হয়ে আছে বড়াইগ্রামের বাতাস। ঘরে ঘরে চলছে শোকের মাতম।

ভয়াবহ এই দুর্ঘটনাটি যখন ঘটলো তার দুইদিন পর অর্থাৎ ২২ অক্টোর আজ বুধবার জাতীয় নিরপদ সড়ক দিবস।

দেশে সড়কদুর্ঘটনায় প্রাণহানি রোজকার ঘটনা। সড়কদুর্ঘটনার জন্য বিশেষজ্ঞরা লক্কড়-ঝক্কড় যানবাহন, আনাড়ি চালক, বেপরোয়া গাড়িচালনা, এবড়ো-খেবড়ো সড়ক নির্মাণ ও পথচারীদের অসচেতনতা বা অসাবধানতাকেপ্রধানভাবে দায়ী করে থাকেন।

সড়ক দুর্ঘটনা রোধে গবেষণা কেন্দ্র স্থাপন, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) গঠন ছাড়াও যোগাযোগ মন্ত্রণালয়েরনানা উদ্যোগ প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

চিত্রতারকা ইলিয়াস কাঞ্চনের উদ্যোগে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)' সংগঠনের ব্যানারে ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিতহয়। বরাবরের মতো এবারও নিসচা'র উদ্যোগে মূল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৪ এবং জাহানারা কাঞ্চনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ওই দিন বেলা ১১টায় নিসচার উদ্যোগে কেন্দ্রীয়ভাবে তাদের প্রধান কার্যালয় ৭০ কাকরাইলের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা শেষে সমাপনী সমাবেশ, দুপুরে বনানীতে জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, বিকেলে বাদ আসর মিলাদ মাহফিল। একইভাবে দেশব্যাপী নিসচার ৬০টি শাখার উদ্যোগে স্থানীয়ভাবে একই সময় শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হবে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১৩ সালে সংবাদপত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় সাত হাজারের বেশি লোক নিহত ও ১২ হাজারের মতো আহত হয়েছে। এবারের ঈদের সময়ও শতাধিক মানুষ নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় শুধু ভাগ্যের দোষ দিলে হবে না, এটা মানুষের মাধ্যমে সৃষ্ট সমস্যা। মালিক, চালক, সরকার ও জনগণ সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

সরকারের দেয়া সমীক্ষা দেশের সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র প্রকাশ করে না উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১১ সালে জাতিসংঘ সদস্যদেশগুলোকে সড়ক দুর্ঘটনার হার ৫০ ভাগ কমিয়ে আনতে বলেছে। আমাদের সরকারও সে অনুযায়ী হিসাব দেখিয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, ২০১২ সালে সড়ক দুর্ঘটনার হার ছিল চার হাজার, আর ২০১৩ সালে দুর্ঘটনার হার দেখানো হয়েছে দুই হাজার।

এদিকে, দেশে দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে চললেও সরকারিভাবে ‘নিরাপদ সড়ক দিবস’ পালন করা হয় না।

বেসরকারিভাবে প্রতিবছর ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস পালন করে থাকেন।

নিসচার উদ্যোগে বুধবার নিরাপদ সড়ক দিবস পালিত হলেও এ দিন সরকারি কোনো কর্মসূচি নেই, তবে কাকরাইলের নিসচা কার্যালয় থেকে শুরু হওয়ার র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেন, ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করতে তারিখ নির্ধারণের জন্য আমরা মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু একটা পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রস্তাব ফেরত পাঠিয়েছে। তারা (মন্ত্রিপরিষদ বিভাগ) আবার চাইলে আমরা পাঠাব।

ইলিয়াস কাঞ্চনের স্ত্রীর মৃত্যুদিন ২২ অক্টোবর দিবস পালনের দাবির বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, দিবস পালনের দিন নির্ধারণে জরিপ হয়েছে। বেশির ভাগ মানুষ ১১ জুলাই মীরসরাই দুর্ঘটনার দিনের পক্ষে মত দিয়েছে। আমরা জনগণের মতামতকে প্রাধান্য দিতে চাই। কার ব্যক্তিগত বিষয় দেখা সরকারের কাজ নয়।

২০১২ সালের ৩ মে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় মীরসরাইয়ে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনার দিনটিকে (১১ জুলাই ২০১১) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে পালনের সুপারিশ করা হয় বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

জেএ