হবিগঞ্জের মহাসড়কে সিএনজি, নছিমন, অটোরিকশাসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে জেলার সব সড়কে বাস চালাচল বন্ধ করে দিয়েছে মোটর মালিক গ্রুপ ও বাস মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ।

আজ (২৯ নভেম্বর) রোববার সকাল থেকে সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়ে বাসগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে আসছি। কিন্তু কাজ হয়নি। আল্টিমেটাম দেওয়ার পরও দৃশ্যমান কাজ হয়নি। ফলে আমরা বাধ্য হয়ে আজ দুপুরে সব বাস জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে হস্তান্তর করবো।”

সকাল থেকে বাস বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীই ট্রাকে করে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

এমবি