সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। দুই দেশের সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি কমনওয়েলথের সদস্য হিসেবে অভিন্ন স্বার্থ ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দনপত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি এ জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হাইকমিশনারের মাধ্যমে তাঁর প্রতি শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো, কমনওয়েলথ বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষা ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়লে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বাংলাদেশ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আবার গণতান্ত্রিক ধারায় ফিরেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এ ধারাকে আরও শক্তিশালী করতে হবে।
ওয়েস্টমিনস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চায় যুক্তরাজ্যের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।
সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার জানান, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ পণ্য এলডিসি থেকে উত্তরণের পর আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। রাষ্ট্রপতি এ সুবিধাকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।
এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল জলবায়ু তথ্য বিনিময়ের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। আবহাওয়া ও জলবায়ু-সংক্রান্ত তথ্য আদান-প্রদানের মাধ্যমে পূর্বাভাস আরও নির্ভুল করা এবং কৃষি উৎপাদন বাড়াতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস





