রাজধানীর কমলাপুর টিটি পাড়াতে ‘একুশে পরিবহন’ নামে যাত্রীবাহী একটি বাস এবং রামপুরা টিভি ভবনের সামনে একটি কাভার্ডভ্যান ও কাঁচাবাজারের সামনে ‘সুপ্রভাত’ নামে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
টিটি পাড়ার বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একুশে পরিবহনে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ছাড়া রামপুরা টিভি ভবনের সামনে সন্ধ্যা সাড়ে ৬টা এবং কাঁচাবাজারের সামনে সন্ধ্যা ৭টায় গাড়িতে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টিটি পাড়াতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, রামপুরা টিভি ভবন এবং কাঁচাবাজারের সামনে দেয়া আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছার আগেই স্থানীয়রা নিভিয়ে ফেলে।
তবে এ সব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কেএইচ





