চট্টগ্রাম সিটি কপোরেশন (চসিক) নির্বাচনে এম মনজুর আলমকে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা। তবে তারা কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে মেহেদীবাগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে বিএনপির প্রার্থীর বিষয়ে ঐকমত্যে পোঁছান স্থানীয় নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, বর্তমান মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মঞ্জুর আলম, সহ-সভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, বিএনপি নেতা এস এম ফজলুল হক, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তবে চসিক নির্বাচনে প্রার্থীর বিষয়ে এখনও কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আলোচনা করে মনজুরকে মেয়র প্রার্থী করার জন্য সুপারিশ করেছি। আশা করি, কেন্দ্র থেকে তাকেই চূড়ান্ত সমর্থন দেওয়া হবে।’

মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি সম্মিলিতভাবে মনজুরের পক্ষে কাজ করবে। তিন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও কেন্দ্র থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। তাই আমরা আজ মেয়র মঞ্জুরসহ বৈঠকে বসেছিলাম।’

এম মনজুর আলম বলেন, ‘আমাকে স্থানীয় নেতারা সমর্থনে দিয়েছেন। আশা করি, শিগগিরই কেন্দ্রের সমর্থন পাব। সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমরাই জয়ী হব। আর মনোনয়নপত্র সংগ্রহের পর মেয়র পদ থেকেও পদত্যাগ করব।’

এর আগে বুধবারও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ মঞ্জুর আলমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

জেএ