এ বছর রাজশাহী মহানগরী ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য  ফিতরা ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টায় রাজশাহী জামেয়া ইসলামীয়া শাহ মখদুম মাদ্রাসায় ফিতরার পরিমাণ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি পরামর্শ সভায় এ সিদ্ধন্ত নেওয়া হয়।

রাজশাহীর বাজারে গমের দাম ৩০ টাকা কেজি। সভার সিদ্ধান্ত অনুযায়ী সেই হিসাবে ১ কেজি ৬৫০ গ্রাম গমের মূল্য হিসেবে ৫০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়। এছাড়া খেজুরের দাম ১৬০ টাকা কেজি।

খেজুরের মূল্য হিসাবে ৩ কেজি ৩০০ গ্রামের দাম ৫৩০ টাকা এবং বাজারে কিসমিসের দাম ২৪০ টাকা কেজি। সেই হিসাবে ৩ কেজি ৩০০ গ্রামের দাম ৭৯০ টাকা সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়।

ফিতরা নির্ধারণী সভায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শাহাদত আলীর সভাপতিত্বে মূল পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ও জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসা সভাপতি ফজলে রাব্বি। এছাড়া অন্যদের মধ্যে মাদ্রাসার সদস্য আলিম উদ্দিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মোবারক করিম, রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আবদুল মারুফ রায়হান, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক হাসান আখতার, হযরত শাহ মখদুম দরগাহ মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান, রাজশাহীর সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম আবদুল গণি, মহানগরীর হেতম খাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ ইয়াকুব আলীসহ রাজশাহীর শীর্ষ ওলামা কেরাম ফিতরা নির্ধারণী সভায় উপস্থিত ছিলেন।

ওএফ