কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত আংশিক কমিটি প্রত্যাখ্যান করে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রাম প্রেস ক্লাবে সোমবার দুপুরে ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে মমিনুর রহমান মমিনকে সভাপতি ও রিপন আহমেদকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে ৮ নভেম্বর জেলা ছাত্রলীগের কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন না করে চলে যান কেন্দ্রীয় নেতারা। পরদিন কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে ওয়াহেদুর নবী সাগরকে জেলা ছাত্রলীগের সভাপতি, সফিকুল ইসলাম সাকিবকে সাধারণ সম্পাদক ও রাকিবুজ্জামান রাকিবকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।

কেন্দ্র ঘোষিত আংশিক কমিটির সাধারণ সম্পাদক ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে কেন্দ্র ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাকিব আংশিক কমিটিকে প্রত্যাখ্যান করে পদত্যাগ করেন।

কেন্দ্র ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-মিছিল, সমাবেশ, অনশনসহ ১০ দিনের লাগাতার কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপরও কেন্দ্র ঘোষিত কমিটি বাতিল না করায় ওই কমিটিকে প্রত্যাখ্যান করে ৪০১ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করেন ছাত্রলীগের আন্দোলনরত নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক রায়হান কবির, সাবেক সহ-সভাপতি রমজান আলী, অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ