বঙ্গবন্ধু স্যাটেলাইট অরবিট স্লট কমিউনিকেশেনের ক্ষেত্রে আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থা (আইএমএসও) সার্বিক সহযোগিতা করবে।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে সাক্ষাৎকালে আইএমএসও’র মহাপরিচালক ক্যাপ্টেন মঈন আহমেদ এ সহযোগিতার আশ্বাস দেন।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী এবং সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূইয়া উপস্থিত ছিলেন।
আইএমএসওর মহাপরিচালক গত ২ এপ্রিল বাংলাদেশ সফরে এসেছেন। তিনি বাংলাদেশের নাগরিক। এবারই প্রথম ইউরোপের বাইরে এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি মহাপরিচালক পদে নির্বাচিত হন।
মহাপরিচালক পদের জন্য আইএমএসওর ৯৯টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ জার্মানি, ফ্রান্স, ইতালি ও রোমানিয়াসহ মোট ৫টি দেশ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ৪টি পর্যায়ে ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং প্রতিটি পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। চূড়ান্ত ভোট পর্বে বাংলাদেশের প্রতিনিধি ৪৯ ভোট এবং রুমানিয়ার প্রতিনিধি ৩৭ ভোট পায়। ৪ বছরের জন্য চূড়ান্তভাবে আইএমএসওর মহাপরিচালক পদে নির্বাচিত হন, যা আগামী ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে।
উল্লেখ, আইএমএসও একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা, যা ১৯৭৭ সাল থেকে যাত্রা শুরু করে। আইএমএসও মূলতঃ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমুদ্র পরিবহনের নিরাপত্তা, বিপদের পূর্বাভাস, বিপদ বা দূর্যোগ কবলিত সমুদ্র পরিবহনের সন্ধান ও উদ্ধার কাজের সমন্বয়, সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক তথ্য সম্প্রচার ইত্যাদি সেবা প্রদান পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশ ১৯৯৩ সাল থেকে আইএমএসও এর সদস্য।
জেআই





