বকেয়া বেতনের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে একটি রপ্তানীমুখী তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (১৫ জুন) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার কোহিনূর গার্মেন্টস সামনে শ্রমিকদের এ বিক্ষোভের ঘটনা ঘটে। গত এপ্রিল ও মে মাসের বকেয়া বেতনের দাবিতে এ সময় তারা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তেঁতুলঝোড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল আলম সমর ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে আগামী রোববার বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়।
অন্যদিকে কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় ক্লাসিক কম্পোজিট কারখানার প্রায় দেড় শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার সামনে থেকে শ্রমিকদের সরিয়ে দেন।
আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পরিচালক এর মোস্তাফিজার রহমান শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে বলেন, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওএফ





