যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া নয় বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছেভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার রাত ৮টায় তাদের বেনাপোলের পুটখালী সীমান্তেবর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
তারা হলেন, বাগেরহাটের ইব্রাহিমের ছেলে আলামিন (২৩), খুলনার ছালামের ছেলে আসলাম (২৫), ফরিদপুরের মান্নান মোল্লার ছেলে আজগার মোল্লা (২৩), সিরাজগঞ্জের আবু বকরের ছেলে হান্নান (২২), মাদারীপুরের ভাষারামের ছেলে কমর (৪০), ব্রাহ্মণবাড়িয়ার তৈয়েব আলীর ছেলে হারুন (১৭), গোপালগঞ্জের জগদীশ সরকারের ছেলে মিলন সরকার (১৮), কমল মালিখার ছেলে কিশোর মন্ডল (২২) ও চাঁপাইনবাবগঞ্জের দুরুল হোসেনের ছেলে শফিকুল (১৯)।
বিজিবি সূত্র জানায়, ভারতে ভালো কাজের কথা বলে দালাল চক্রের সদস্যরা এসব যুবকদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। তাদের ফেলে পালালে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির সঙ্গে বৈঠকের পর পুটখালী সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি ২৩ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার সামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা দিয়ে পুটখালী থানায় রাখা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
কেএইচ





